ছবি : প্রতিনিধি
নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম (৩০) নিহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকালে সড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ মুফতি মাকছুদ আলম মোটরসাইকেলে করে ফজরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পথে দুঘটনায় আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
নিহত মাকছুদ আলম সুবর্ণচর উপজেলার চরজব্বার ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার বাসিন্দা নুরুল আলম ওরফে মন্ত্রী সওদাগরের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের বর্তমান খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের বাবা নুরুল আলম ওরফে মন্ত্রী সওদাগর বলেন, “ভোর ৪টার দিকে শ্বশুরবাড়ি থেকে নামাজ পড়ানোর উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হন। এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ হয়নি। পরে স্থানীয়দের ফোনে জানতে পারি, তিনি রাস্তার পাশে পড়ে আছেন।”
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাটি বহনকারী ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :