ছবি : প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ: সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জের দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩ বিজিবির উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
দুর্গম চরাঞ্চল থেকে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের ভিড়ে সকাল থেকেই মুখর হয়ে ওঠে বিদ্যালয় মাঠ। কেউ এসেছেন শিশুদের চিকিৎসা করাতে, কেউ চোখের সমস্যা নিয়ে, আবার কেউ দীর্ঘদিনের বিভিন্ন শারীরিক অসুস্থতার চিকিৎসা নিতে। চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে দেওয়া হয়।
ক্যাম্পেইনে প্রায় ২ হাজার জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। শুধু মানুষই নয়, স্থানীয় গবাদিপশুর চিকিৎসার ব্যবস্থাও করা হয়। ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে প্রায় ২০০টি গবাদিপশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুইজন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, ৫৩ বিজিবি ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এ নিয়োজিত দুইজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসকসহ মোট আটজন চিকিৎসক অংশ নেন।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, দুর্গম চরাঞ্চল থেকে শহরের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া অনেকের জন্যই কষ্টসাধ্য ও ব্যয়বহুল। বিজিবির উদ্যোগে বাড়ির কাছাকাছি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ব্যাটালিয়নের উপ-অধিনায়কসহ অন্যান্য বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে বিজিবির এমন উদ্যোগ সীমান্তবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত রক্ষার দায়িত্বের পাশাপাশি মানবিক সেবার মাধ্যমে বিজিবি যে সাধারণ মানুষের পাশে রয়েছে এই মেডিকেল ক্যাম্পেইন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
পিএস
আপনার মতামত লিখুন :