বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৬ সালের সদস্য নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নির্ধারিত ১৯ মে ভোটগ্রহণের সূচি বাতিল করে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বুধবার (১৫ এপ্রিল) রাতে বাংলাদেশ বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়।
বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান তীব্র জ্বালানি সংকটের কারণে সারা দেশে নির্বাচনি প্রচারণা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য এ পরিস্থিতিতে কার্যকর প্রচারণা চালানো কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।
এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকেও নির্বাচন পেছানোর অনুরোধ জানানো হয়েছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে পূর্বঘোষিত নির্বাচনী সময়সূচি বাতিল করা হয়।
এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিত সভায় বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলমো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে ১৯ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে অ্যাডহক কমিটির মাধ্যমে বার কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিত হওয়ায় নতুন সময়সূচি নিয়ে আইনজীবীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এম
আপনার মতামত লিখুন :