হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১২:১৪ পিএম
হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ফাইল ছবি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে হামের ভ্যাকসিন আমদানিতে অবহেলা এবং এর ফলে শিশু মৃত্যুর ঘটনায় মামলা করার আবেদন জানানো হয়েছে। আদালতে জমা পড়া এই আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনকে আসামি করার অনুরোধ করা হয়েছে।

আজ সোমবার (৮ জুন) ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এই আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ মামলার আবেদন জমা পড়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এই বিষয়ে এখনও শুনানি অনুষ্ঠিত হয়নি।

মামলায় অন্য যাদের আসামি করার আবেদন করা হয়েছে, তারা হলেন-স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

আবেদনের অভিযোগে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা উচ্চশিক্ষিত ও নোবেল বিজয়ী হলেও তার দায়িত্বে চরম অবহেলা ও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের কারণে দেশে শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শিশুর জীবন বিপন্ন হয়েছে। অভিযোগকারীর দাবি অনুযায়ী, এই ঘটনা হত্যাকাণ্ডের শামিল। অন্য আসামিরা তৎকালীন সরকারের স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্বে অবহেলা করেছেন এবং উদ্দেশ্যমূলকভাবে হামের ভ্যাকসিন যথাসময়ে আমদানি না করে শাস্তিযোগ্য ও অমানবিক অপরাধ করেছেন, যা নাগরিকদের সঙ্গে প্রতারণা এবং মৌলিক অধিকার হরণের শামিল।

অভিযোগে আরও বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন সংক্রামক রোগের টিকা আমদানি করে আসছিল। কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলা টিকা আমদানি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও সেই প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় দেশজুড়ে তীব্র টিকা সংকট তৈরি হয় এবং শিশুরা ঝুঁকিতে পড়ে।

এর আগে গত ৫ মে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই প্রসঙ্গে বলেছিলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে কেন টিকা দেওয়া হয়নি তা সরকার খতিয়ে দেখবে। তবে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, শিশু মৃত্যু ঘটাতে চায় এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না।

এসএইচ 

Link copied!