মিরপুর স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০১:১৫ পিএম
মিরপুর স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বছর বয়সি এই আসামিকে গ্রেপ্তার করা হয়। ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাজ্জাদ হোসেন মিশু শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে একই ঘটনায় শাহআলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। নূর আলমকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আগেই বহিষ্কার করা হয়েছিল। এ নিয়ে এই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

গত ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বরের এই স্বাস্থ্যকেন্দ্রে দুই শতাধিক ব্যক্তি হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে এক্সকাভেটর দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির একাধিক স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠলে শাহআলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়।

ঘটনায় রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার তথ্য উঠে আসার পর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট দলগুলো। ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটিসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পদত্যাগ করলেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তপ্রক্রিয়া স্বাভাবিক নিয়মে অব্যাহত থাকবে।

এসএইচ 

Link copied!