ফাইল ছবি
ঢাকা: দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি চলতি বছরের প্রথম অর্ধবার্ষিকের (জানুয়ারি-জুন ২০২৬) আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এ সময় প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৫ কোটি ৬৫ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেশি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিবিএইচ ফাইন্যান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচ্য অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২.৭৪ টাকা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ২.০৭ টাকা। এ সময়ে প্রতিষ্ঠানের নিট সুদ আয় বৃদ্ধি পেয়েছে ৪৪ শতাংশ এবং পরিচালন আয় বৃদ্ধি পেয়েছে ৬.৫ শতাংশ। ৩০শে জুন ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নীট সম্পদমূল্য (এনএভি) ছিল ৫০.৭৯ টাকা।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী ডিবিএইচ-এর খেলাপি ঋণের (এনপিএল) হার মোট ঋণ পোর্টফোলিওর ১ শতাংশের নিচে অবস্থান করছে, যা দেশের আর্থিক খাতে সর্বনিম্ন। প্রতিষ্ঠানটি টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ (ট্রিপল এ) অক্ষুণ্ণ রেখেছে।
৩০ জুন পর্যন্ত ডিবিএইচ-এর মোট ঋণের পোর্টফোলিও দাঁড়িয়েছে প্রায় ৪,৪৬২ কোটি টাকা এবং আমানত পোর্টফোলিওর স্থিতি প্রায় ৪,৩৯৮ কোটি টাকা । বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের সব বিভাগীয় শহরসহ মোট ১৮টি শাখার মাধ্যমে প্রচলিত ও ইসলামিক শরিয়াহভিত্তিক উইং (আইএফডব্লিউ)-এর আওতায় গ্রাহকদের আবাসন খাতে আর্থিক সহায়তা প্রদান করছে, পাশাপাশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে মেয়াদি ও মুদারাবা আমানত সংগ্রহ করছে।
এএইচ/পিএস