ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদকের পদসহ দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদের অধিবেশন শুরুর সময় বিষয়টি নিজেই জানান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, যিনি রাজনীতিতে মেজর হাফিজ নামেই অধিক পরিচিত। এর আগে একই দিন বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশনে তিনি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
মেজর হাফিজ বলেন, স্পিকার জাতীয় সংসদের একটি নিরপেক্ষ পদ। নিজেকে নিরপেক্ষ রাখতে তিনি ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বকারী প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে। সেটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। তিনি এ দায়িত্ব পালনে সম্মত আছেন বলে জানান। পরে সংসদ সদস্য নুরুল ইসলাম প্রস্তাব উত্থাপন করেন এবং তা সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। প্রস্তাবটি সংসদে উত্থাপনের পর সর্বসম্মতভাবে গৃহীত হয়।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তাঁর নাম প্রস্তাব করেন নাটোরের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম। পরে সংসদের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন বিষয়টি সংসদের সামনে উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। চব্বিশের গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ অধিবেশনে সভাপতিত্ব করেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :