চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমোডিটি মার্কেট চালুর অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৮, ২০২৫, ১২:০৫ পিএম
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমোডিটি মার্কেট চালুর অনুমোদন

ফাইল ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৭ মে) অনুষ্ঠিত বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (কমোডিটি ডেরিভেটিভস) প্রবিধানমালা-২০২৫’ অনুমোদন করা হয়। 

সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্ব করেন। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, এই অনুমোদনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো কমোডিটি ডেরিভেটিভস পণ্য লেনদেনের পথ উন্মুক্ত হলো। ফলে শেয়ার, বন্ডের পাশাপাশি পুঁজিবাজারে স্বর্ণ, কৃষিপণ্য, শিল্পজাত পণ্য ও অন্যান্য কমোডিটির ডেরিভেটিভস লেনদেনের সুযোগ তৈরি হবে।

এটি দেশের পুঁজিবাজারের ইতিহাসে এক নতুন মাইলফলক বলে মনে করছে কমিশন।

বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ, বিনিয়োগকারীদের ঝুঁকি ব্যবস্থাপনা এবং বাজারকে আরও সক্রিয় রাখতে কমোডিটি ডেরিভেটিভ মার্কেট চালু করা হচ্ছে। এটি দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

এসআই

Link copied!