বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় লাফ, দেশে ভরি কত?

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২০, ২০২৬, ১১:১৪ পিএম
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় লাফ, দেশে ভরি কত?

মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমনের আভাস এবং মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা হ্রাসের জোড়া প্রভাবে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতু সোনা ও রুপার দাম এক ধাক্কায় বেশ খানিকটা বেড়েছে। একই সঙ্গে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম, যা বিশ্বজুড়ে মূল্যস্ফীতির উদ্বেগ কিছুটা হলেও দূর করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২০ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম এক লাফে ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৫২৫ দশমিক ৯৫ মার্কিন ডলারে। অথচ এদিন সকালেই ধাতুটি গত সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল। অন্যদিকে, আগামী জুনে সরবরাহের চুক্তিভিত্তিক সোনার দাম (গোল্ড ফিউচার্স) শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৫২৯ দশমিক ৩০ ডলারে বেচাকেনা হচ্ছে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘হাই রিজ ফিউচার্স’-এর মেটালস ট্রেডিং বিভাগের পরিচালক ডেভিড মেগার জানান, মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড বা মুনাফার হার টানা বাড়তে থাকার পর কিছুটা কমেছে। এতে বিনিয়োগকারীরা স্বস্তি পাওয়ায় সোনার বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে। সাধারণত বন্ডের মুনাফা বাড়লে সোনা জমানোর আগ্রহ কমে, কারণ সোনা থেকে কোনো নিয়মিত সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত অবসানের আশ্বাস দেওয়ার পর ব্রেন্ট ক্রুড তেলের দাম কিছুটা কমেছে। জ্বালানি তেলের দাম কমলে সরাসরি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুবিধা হয়, যা পরোক্ষভাবে সোনার বাজার চাঙ্গা করতে ভূমিকা রাখে। বর্তমানে বিনিয়োগকারীদের বড় অংশই (৮৯.৬ শতাংশ) মনে করছেন, আগামী জুনের বৈঠকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ সুদের হার অপরিবর্তিত রাখবে।

তবে বহুজাতিক ব্যাংক সিটি (Citi) আভাস দিয়েছে, সোনার এই চড়া দাম সাময়িক হতে পারে এবং আগামী তিন মাসের মধ্যে এটি আউন্সপ্রতি ৪ হাজার ৩০০ ডলারে নেমে আসতে পারে।

রুপা ও অন্যান্য ধাতুর চিত্র

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ বেশ ঊর্ধ্বমুখী। সবচেয়ে বড় লাফ দেখা গেছে রুপার বাজারে; স্পট সিলভারের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৯৪২ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৫ দশমিক ১২ ডলারে লেনদেন হচ্ছে।

দেশের বাজারে বর্তমান দাম (ভরি প্রতি)

স্বর্বশেষ বুধবারের (২০ মে) ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩০ টাকা।

এম

Link copied!