সবজি ও মুরগির দাম ঊর্ধ্বমুখী, অপরিবর্তিত মাছের বাজার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ১২:৩৫ পিএম
সবজি ও মুরগির দাম ঊর্ধ্বমুখী, অপরিবর্তিত মাছের বাজার

বৃষ্টির অজুহাতে রাজধানীর কাঁচাবাজারে সবজি ও মুরগির দাম আরও একদফা বেড়েছে। প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও দেশি মুরগিও। তবে বাজারে শাকের পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে। সকাল থেকে বৃষ্টি থাকা সত্ত্বেও বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সবজি ও শাকের বাজার
বর্ষার কারণে বাজারে শাকের সরবরাহ বেশ ভালো। প্রতি আটি লাল শাক ১০ টাকা এবং পুঁই শাক ১৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে বৃষ্টির প্রভাবে অন্যান্য সবজির দাম বেশ চড়া। কেজিতে ৫ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। এছাড়া প্রতি কেজি পেঁপে ৫০ টাকা, লাউ প্রতিটি ৫০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারভেদে বেগুন ৭০-৮০ টাকা, করলা ৬০-৮০ টাকা, পটোল ৫০-৬০ টাকা এবং ঝিঙ্গা ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল ৭০-৮০ টাকা, কচুরলতি ৭০-৯০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা এবং শসা ৬০-৯০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। ঝাল ছড়াতে থাকা কাঁচামরিচ মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৬০ টাকায়।

মাংস ও চালের দাম
সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে প্রায় ১০ টাকা বেড়েছে। গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি ১৬০-১৮০ টাকায় বিক্রি হয়েছিল, আজ তা ১৭০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সোনালি মুরগি ৩৪০-৩৬০ টাকা, লেয়ার ৩২০-৩৪০ টাকা এবং দেশি মুরগি ৬২০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস ৭৫০-৮৫০ টাকা এবং খাসির মাংস ১,১০০ থেকে ১,২০০ টাকায় অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। মিনিকেট চাল ৭৫ টাকা, মোটা চাল ৫৫-৬০ টাকা, নাজিরশাইল ৯০ টাকা এবং চিনিগুড়া চালের কেজি ২০০ টাকা ছাড়িয়েছে।

মাছের বাজার পরিস্থিতি
সবজি ও মুরগির বাজারে উত্তাপ থাকলেও মাছের বাজারে বড় কোনো হেরফের হয়নি। আকারভেদে রুই মাছ ৩০০ থেকে ৫৫০ টাকা এবং কাতল ৩৪০ থেকে ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ২০০-২৫০ টাকা, পাঙাশ ১৮০-৩৫০ টাকা, পাবদা ৩০০-৪৫০ টাকা, শিং ৪০০-৫০০ টাকা, চাষের কৈ ২০০-২৮০ টাকা এবং টেংরা ৬০০-৮০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আর সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে থাকা চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১,২০০ টাকা কেজি দরে।

এম

Link copied!