কবি নজরুল কলেজের মূল ফটকে শিক্ষার্থীদের ‘অধ্যাদেশ মঞ্চ’

  • কবি নজরুল কলেজ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০২:২১ পিএম
 কবি নজরুল কলেজের মূল ফটকে শিক্ষার্থীদের ‘অধ্যাদেশ মঞ্চ’

ছবি: প্রতিনিধি

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকে অস্থায়ী মঞ্চ নির্মাণ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঞ্চটির নাম দেওয়া হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ মঞ্চ’। এখানে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

সোমবার রাত ১১টার দিকে কবি নজরুল কলেজের মূল ফটকের বাম পাশে এই অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। এর মাধ্যমে সড়কে অবস্থান না করে আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের নেতাদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সাত কলেজের নানা সংকট নিরসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। একাধিকবার রাজপথে নামতে গিয়ে জনদুর্ভোগ তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেওয়া হলেও এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় অনিশ্চয়তা কাটেনি। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে ক্যাম্পাসভিত্তিক কর্মসূচি হিসেবে অধ্যাদেশ মঞ্চ গড়ে তোলা হয়েছে।

তাঁরা জানান, আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ মঞ্চ ও ক্যাম্পাসভিত্তিক অধ্যাদেশ মঞ্চ নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জমায়েত হবেন। সেদিন অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের সভায় যদি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এবং গেজেট প্রকাশিত হয়, তাহলে সায়েন্সল্যাব থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে একটি বৃহৎ বিজয় মিছিল করা হবে। তবে অধ্যাদেশের অনুমোদন বা গেজেট প্রকাশে ব্যত্যয় ঘটলে ওই জমায়েত থেকেই যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে বৃহৎ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজ এই সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

এসএইচ 

 


 

Link copied!