শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে রাজনৈতিক নেতাদের ফেরানোর উদ্যোগ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৫:৩৫ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে রাজনৈতিক নেতাদের ফেরানোর উদ্যোগ

ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে আবারও রাজনৈতিক নেতাদের যুক্ত করার উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে আগে জারি করা পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র তৈরির প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান, ম্যানেজিং কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য, দাতা সদস্য ও শিক্ষানুরাগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার বিষয়ে নির্দেশনা এসেছে। এসব পদে সাধারণত স্থানীয় রাজনৈতিক নেতা বা তাঁদের অনুসারীরাই থাকেন। ফলে বাস্তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে আবারও রাজনৈতিক নেতাদের বসার সুযোগ তৈরি হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদেরও সভাপতি হওয়ার সুযোগ রাখা হচ্ছে। 

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। বর্তমানে সভাপতি হতে ন্যূনতম স্নাতক পাসের যে শর্ত রয়েছে, তা বাতিল করে আগের নিয়মে ফিরে যাওয়ার চিন্তা করছে সরকার। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে সভাপতির শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা তুলে দেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এ বিষয়ে শিগগিরই আদেশ জারি করা হতে পারে। সে ক্ষেত্রে ২০২৪ সালের আগের নিয়ম পুনর্বহাল হবে এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার শর্ত আর প্রযোজ্য থাকবে না।

তবে ম্যানেজিং কমিটি গঠনে সংসদ সদস্যদের ক্ষমতা আর থাকছে না। নতুন ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউএনও, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে তিনজনের নামের তালিকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। সেখান থেকে একজনকে সভাপতি হিসেবে চূড়ান্ত করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

এসএইচ 

Link copied!