ফাইল ছবি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদুল ফিতরের উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলে তা আইবাসে পাঠানো হবে। এরপর আগামী রোববার বা সোমবার শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে উৎসব ভাতার টাকা তুলতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে উৎসব ভাতার প্রস্তাবে অনুমোদন দেওয়ার কথা রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে বৃহস্পতিবার তা আইবাসে পাঠানো হবে। এরপর ব্যাংকে অর্থ পৌঁছালে শিক্ষক-কর্মচারীরা উৎসব ভাতার টাকা তুলতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ছাড়ের চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, আগামী রোববার থেকেই তারা উৎসব ভাতার টাকা তুলতে পারবেন।
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান পাঠান। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ব্যাংকে পাঠানো হয়।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের ব্যবস্থা চালু করেছে। এতে বেতন-ভাতা প্রক্রিয়াকরণ এখন আগের তুলনায় আরও স্বচ্ছ ও দ্রুত হচ্ছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :