ফাইল ছবি
চলতি সপ্তাহে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেলেও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির তালিকায় ভিন্নতা দেখা গেছে। বিভিন্ন মাধ্যমে তিন দিন ছুটির তথ্য ছড়ালেও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তাদের তালিকায় কেবল ১৪ এপ্রিল ছুটি রয়েছে, ১২ ও ১৩ এপ্রিল নয়।
বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল-কলেজে ছুটি থাকবে। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।
তবে ধর্মীয় বিবেচনায় ১২ ও ১৩ এপ্রিল মাদ্রাসায় ছুটি রাখা হয়নি। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা কেবল পহেলা বৈশাখের দিন একদিনের ছুটি পাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী মাদ্রাসাগুলোতে শুধুমাত্র একটি দিনই বন্ধ থাকবে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের তুলনায় মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি কমে যাচ্ছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার বলেন, পহেলা বৈশাখ একটি সর্বজনীন বাঙালি সাংস্কৃতিক উৎসব, যা দেশের মানুষের জীবনযাত্রার অংশ। তবে অন্যান্য কিছু উৎসব নির্দিষ্ট ধর্মীয় বা জাতিগত গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় সেগুলো সবার জন্য সমানভাবে প্রাসঙ্গিক নয়।
তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা মূলত ধর্মীয় শিক্ষার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদের জন্য শিক্ষা ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ছুটির তালিকা নির্ধারণ করা হয়।
এসএইচ
আপনার মতামত লিখুন :