জাহাঙ্গীরকে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন মৌসুমী 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:৪১ পিএম
জাহাঙ্গীরকে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন মৌসুমী 

ফাইল ছবি

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অভিনয়ে অনিয়মিত হলেও গত বছর তার অভিনীত টেলিফিল্ম ‘সুন্দরী পিএস চাই’ মুক্তি পেয়েছে। এতে সহশিল্পী ছিলেন হাসান জাহাঙ্গীর। টেলিফিল্মটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ওই সহশিল্পীকেই বিয়ে করেছেন মৌসুমী।

সম্প্রতি নিউইয়র্কের বাসা থেকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এই গুজব নিয়েও মুখ খুলেছেন তিনি। বিয়ে সংক্রান্ত গুজব প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের প্রোপাগান্ডা নিয়ে কিছু বললেও মানুষ মিথ্যা খবরকেই বেশি উপভোগ করে। এসব ভিত্তিহীন খবর আমার কাছে বিরক্তিকর এবং মূল্যহীন। আমি এমন কোনো প্রচারণার মাধ্যমে ব্যক্তিগত প্রচার চাই না।”

মৌসুমী আরও জানিয়েছেন, কিছু মানুষ ভিউ বা মনোযোগ পাওয়ার আশায় শিল্পীদের নাম ব্যবহার করে মনগড়া গল্প ছড়িয়ে থাকে। ফেসবুক পোস্ট বা ইউটিউব ভিডিওর মাধ্যমে মিথ্যাকে রঙ মিশিয়ে উপস্থাপন করা হয়, যাতে রিচ এবং ভিউ বাড়ে। তার মতে, আইনের যথাযথ প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে এ ধরনের গুজব ছড়ানো অনেকাংশে কমে যেত।

তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থে ভিউখোর কিছু মানুষ শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে, যা অত্যন্ত দুঃখজনক।

এদিকে মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রেক্ষাগৃহ বা ওটিটি প্ল্যাটফর্মে নয়, সিনেমাটি ইউটিউবে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে ভিন্ন ইঙ্গিতও দিয়েছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে আরেকটি নাটকের শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা।

এসএইচ 

Link copied!