ছবি : সংগৃহীত
ঢাকা: সম্প্রতি স্ত্রীকে নিয়ে সরকারে এক কর্মকর্তার হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তিনি আর কেউ নন, তিনি সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, নিরাপত্তার বিষয়টি না ভেবে সরকারের দায়িত্বশীল একজন কর্মকর্তার এমন আচরণ আইনবিরুদ্ধ ও অগ্রহণযোগ্য।
সিলেট সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ রেজাই রাফিন সরকার গত বুধবার হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর ৫৮ সেকেন্ডের একটি ভিডিও তার ফেসবুক আইডিতে আপলোড দেন। এ সময় মোটরসাইকেলের পেছনের সিটে তার স্ত্রীও বসা ছিলেন। তার মাথায়ও কোনও হেলমেট ছিল না।
রেজাই রাফিন ভিডিওটি আপলোড করে লিখেছেন, ‘আজ সকাল সাড়ে ৬টায় সিলেট এয়ারপোর্ট রোডে ফাঁকা রাস্তায় একটু বাইক চালালাম। তাই হেলমেট পরা হয়নি। তবে হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক না। নেক্সট টাইম অবশ্যই হেলমেট ইউজ করবো।’
ফেসবুকে আপলোডের পরপরই ভিডিওটি নিয়ে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানান। প্রধান নির্বাহী কর্মকর্তার আপলোড দেওয়া ওই ভিডিওর নিচে মন্তব্যে করেন। এ ছাড়া সিলেটের অনেক নেটিজেন ফেসবুকে ওই ভিডিও শেয়ার করে বলছেন, দেশের প্রচলিত সড়ক আইন অনুযায়ী চালক ও আরোহীর হেলমেট ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে তার এমন কাজ মোটেই উচিত হয়নি। এটা কেবল দায়িত্বহীনতা নয়, আইন না-মানারও বহিঃপ্রকাশ।
এ বিষয়ে রেজাই রাফিন সরকার বলেন, ‘আমি ভিডিওর সঙ্গে একটা বার্তাও পোস্ট করেছি। সেখানে হেলমেট না-পরা এবং ভবিষ্যতে পরার বিষয়ে লিখেছি। তখন খুব সকাল ছিল। রাস্তা ফাঁকা ছিল। যানবাহনও ছিল না। তাই হেলমেট পরিনি। এটা ঠিক হয়নি। ভবিষ্যতে এমন হবে না।’
তিনি আরও বলেন, ‘আমি হেলমেট পরেই বাইক চালাই। ভিডিও করার জন্য এক মিনিটের কম সময় হেলমেট ছাড়া চালিয়ে ভিডিও করেছি।’
পিএস
আপনার মতামত লিখুন :