ছবি: সংগৃহীত
জাতীয় সড়কেই অবতরণ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী উড়োজাহাজ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের আসামে ৩৭ নম্বর জাতীয় সড়কের ওপর ভারতীয় বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান অবতরণ করে।
তবে এটি কোনো জরুরি অবতরণ ছিল না। সড়কটিকে ‘ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি’ হিসেবে তৈরি করার পর তার সক্ষমতা যাচাই করতেই এই অবতরণ পরিচালনা করে ভারতীয় বিমান বাহিনী।
জানা গেছে, আসামের মোরান বাইপাসের প্রায় ৪ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ অংশটি বিশেষভাবে শক্তিশালী করে নির্মাণ করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে এটি বিকল্প রানওয়ে হিসেবে ব্যবহার করা যায়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোদী ইঙ্গিত দিয়েছিলেন, দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতায় এমন অবতরণ সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সুবিধা যুদ্ধবিমান ও পরিবহন বিমানের জন্য কৌশলগত বহুমুখী রানওয়ে হিসেবে কাজ করবে। এখানে প্রায় ৪০ টন ওজনের যুদ্ধবিমান এবং সর্বোচ্চ ৭৪ টন ওজনের পরিবহন বিমান অবতরণ করতে পারবে। জরুরি পরিস্থিতিতে এটি দিঘরুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবেও ব্যবহৃত হতে পারে।
এর আগে ভারতের প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি চালু হয়েছিল ২০২১ সালে রাজস্থানের বার্মের জেলায়। আসামের নতুন সুবিধাটি বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলের জন্য বড় সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
অবতরণের পর প্রধানমন্ত্রী প্রায় ৪০ মিনিটের এক এয়ার শো উপভোগ করেন। এতে তেজস, সুখোই ও রাফালে যুদ্ধবিমান অংশ নেয়।
এসএইচ
আপনার মতামত লিখুন :