ফাইল ছবি
ঢাকা: মিয়ানমারের ক্ষমতাচ্যুত সাবেক নেত্রী অং সান সু চির কারাদণ্ড কমিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আর সাধারণ ক্ষমার অংশ হিসেবে মুক্তি পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট। শুক্রবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
সু চির আইনজীবী রয়টার্সকে জানান, নতুন প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে সেনাবাহিনী।
বর্তমানে ৮০ বছর বয়সী সু চি বিভিন্ন অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। তার বিরুদ্ধে উসকানি, দুর্নীতি, নির্বাচন জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের মতো অভিযোগ আনা হয়েছিল। তবে তার সমর্থকরা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, সু চির সাজা এক-ষষ্ঠাংশ কমানো হয়েছে। তবে তিনি বাকি সাজা গৃহবন্দি অবস্থায় কাটানোর সুযোগ পাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সু চিকে জনসমক্ষে আর দেখা যায়নি এবং বর্তমানে তিনি কোথায় আছেন, সেটিও নিশ্চিত নয়।
পিএস
আপনার মতামত লিখুন :