কড়া বার্তা ইরানের বিপ্লবী গার্ডের

‘নতুন মিসাইল এখনও ব্যবহারই করিনি, এগুলো সব এক যুগ আগে তৈরি করা’

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১০:১৩ এএম
‘নতুন মিসাইল এখনও ব্যবহারই করিনি, এগুলো সব এক যুগ আগে তৈরি করা’

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বাহিনীটির দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরও তাদের মূল অস্ত্রভাণ্ডার অক্ষত রয়েছে এবং এখন পর্যন্ত তারা মূলত পুরোনো মিসাইলই ব্যবহার করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি বলেন, দেশের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার এখনও অক্ষত আছে এবং আরও উন্নতমানের অস্ত্র রিজার্ভে রাখা হয়েছে।

ইরানের রাষ্ট্রায়াত্ত্ব সংবাদমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর এখন পর্যন্ত ইরান প্রায় ৭০০টি মিসাইল এবং ৩ হাজার ৬০০টি ড্রোন নিক্ষেপ করেছে। এসব হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো।

নাইনি আরও দাবি করেন, বর্তমানে যেসব মিসাইল ব্যবহার করা হচ্ছে সেগুলোর বেশিরভাগই প্রায় এক যুগ আগে তৈরি করা। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরান তাদের আক্রমণাত্মক সক্ষমতা আরও বাড়িয়েছে।

তার ভাষায়, গত বছরের সেই যুদ্ধের পর থেকে চলতি রমজানের সংঘাত শুরুর আগ পর্যন্ত যেসব নতুন মিসাইল তৈরি করা হয়েছে, সেগুলো এখনও মোতায়েন করা হয়নি। অর্থাৎ ইরানের হাতে আরও উন্নত ও শক্তিশালী অস্ত্র মজুদ রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

এই বক্তব্যকে অনেক বিশ্লেষক মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের একটি কৌশলগত বার্তা হিসেবে দেখছেন, যার মাধ্যমে প্রতিপক্ষকে সতর্ক করা এবং নিজেদের সামরিক সক্ষমতার ইঙ্গিত দেওয়া হয়েছে।

এম

Link copied!