ইরানের সব বন্দর অবরোধ করলো মার্কিন বাহিনী

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১১:১১ পিএম
ইরানের সব বন্দর অবরোধ করলো মার্কিন বাহিনী

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর কার্যত অবরুদ্ধ করার ঘোষণা বাস্তবায়ন করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে এ অবরোধ কার্যকর হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তারা জানায়, ওমান উপসাগর, হরমুজ প্রণালী-এর পূর্বাঞ্চল এবং আরব সাগর-এ অবস্থানরত যেকোনো দেশের পতাকাবাহী জাহাজ এই অবরোধের আওতায় পড়বে।

মার্কিন পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, ইরানের বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে বের হওয়া সব জাহাজকে আটকানো, গতিপথ পরিবর্তনে বাধ্য করা কিংবা প্রয়োজনে জব্দ করা হতে পারে। তবে উপসাগরীয় অন্যান্য দেশের বন্দরে যাতায়াতের ক্ষেত্রে এ অবরোধ প্রযোজ্য হবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। বাহিনীটির এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, “পারস্য উপসাগর ও ওমান সাগরের সব বন্দরের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো বন্দরই নিরাপদ থাকবে না।”

তারা যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে ‘অবৈধ’ ও ‘সামুদ্রিক দস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরান নিজেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এই পথটি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এ রুট দিয়ে পরিবাহিত হয়।

এম

Link copied!