হরমুজে আটকা পড়া জাহাজগুলো লক্ষ্য করে ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:১৯ এএম
হরমুজে আটকা পড়া জাহাজগুলো লক্ষ্য করে ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন উদ্যোগ চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড স্থানীয় সময় রোববার (৩ মে) এক বিবৃতিতে জানায়, ৪ মে থেকে তাদের বাহিনী এই কর্মসূচির আওতায় জাহাজ চলাচলে সহায়তা দেবে। খবর আনাদোলুর। 

বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা দিতে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, ১০০টির বেশি স্থল ও সমুদ্রভিত্তিক বিমান, বিভিন্ন ড্রোন প্ল্যাটফর্ম এবং প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন করা হবে।

সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, এই প্রতিরক্ষামূলক মিশন আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সময় সোমবার (৪ মে) সকাল থেকে নিরপেক্ষ বিদেশি জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালি পার হতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। তিনি এটিকে একটি ‘মানবিক উদ্যোগ’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, সংঘাতের কারণে আটকে পড়া অনেক জাহাজে খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে, যা ক্রুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

উল্লেখ্য, গত দুই মাস ধরে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার কারণে জ্বালানি, সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে, যা বৈশ্বিক বাজারে চাপ তৈরি করছে।

এম

Link copied!