লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে ইসরায়েলি বিমানবাহিনীর প্রাণঘাতী হামলার পর এবার তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। রোববার (৭ জুন) রাতে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী (আইডিএফ)। খবর আলজাজিরার।
আইডিএফ জানিয়েছে, দেশের বেশ কয়েকটি অঞ্চলে ইতোমধ্যেই বিমান হামলার সাইরেন বা সতর্কঘণ্টা বাজানো হয়েছে। শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ডিফেন্স সিস্টেম) সক্রিয়ভাবে কাজ করছে।
বৈরুতে ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরানি কর্মকর্তারা কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। এই হুমকির মুখে কয়েক মিনিট আগেই ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, আগামী কয়েক ঘণ্টা দেশের যেকোনো প্রান্তে সম্ভাব্য হামলার আশঙ্কায় পুরো বাহিনীকে ‘হাই অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সেই সতর্কবার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রের উপস্থিতি টের পাওয়া যায়।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি রাডারে ধরা পড়ার পরপরই নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়। এই হামলার ফলে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
এম
আপনার মতামত লিখুন :