ফাইল ছবি
ঢাকা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অভিযোগ করেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন জেলেনস্কি।
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলারও সমালোচনা করেন ট্রাম্প। তার দাবি, এসব হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের সংকট আরও বাড়ছে।
প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার বিভিন্ন স্থাপনায় ইউক্রেনের হামলা চালানোর বিষয়ে ওয়াশিংটনের আপত্তি নেই। তবে বৈশ্বিক ডিজেল সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কায় রুশ তেল শোধনাগারগুলোতে হামলা না চালাতে কিয়েভকে বারবার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। তিনি একে ‘ঐতিহাসিক’ ও ‘তাৎপর্যপূর্ণ’ বলে মন্তব্য করেন। তার মতে, ইউক্রেনের এমন নেতৃত্ব প্রয়োজন, যারা শান্তি প্রতিষ্ঠায় গুরুত্ব দেবে।
জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বিরোধের অন্যতম কারণ রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, এসব হামলা বন্ধ করতে ওয়াশিংটন একাধিকবার কিয়েভকে অনুরোধ করেছিল। যুক্তরাষ্ট্রের দাবি, হামলার কারণে দেশটিতে জ্বালানির দাম বাড়ছে।
এর মধ্যেই রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞায় ছাড় দিয়েছে ট্রাম্প প্রশাসন। ৯ অক্টোবর জারি করা মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সাধারণ লাইসেন্স ১৩৫ অনুযায়ী, রাশিয়ায় উৎপাদিত ডিজেল কেনাবেচাসংক্রান্ত লেনদেন ২০২৭ সালের ৭ এপ্রিল পর্যন্ত অনুমোদিত হয়েছে।
সূত্র: শাফাক নিউজ
এসআই