২৫ ফেব্রুয়ারি পর্দা উঠছে অমর একুশে বইমেলার, শেষ মুহূর্তে জোর প্রস্তুতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:৩৩ এএম
২৫ ফেব্রুয়ারি পর্দা উঠছে অমর একুশে বইমেলার, শেষ মুহূর্তে জোর প্রস্তুতি

রমজানকে ঘিরে সময়সূচি নিয়ে বিতর্ক ও আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে অমর একুশে বইমেলার নতুন তারিখ। আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) শুরু হয়ে মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এর আগে ২০ ফেব্রুয়ারি উদ্বোধনের কথা থাকলেও সময় পুনর্নির্ধারণের কথা জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বইমেলাকে ঘিরে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান এখন সরগরম। স্টল নির্মাণ, রঙের কাজ, বৈদ্যুতিক সংযোগ—সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে দিন-রাত এক করে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা বলছেন, এবারের অমর একুশে বইমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্তও বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান স্টলের জন্য আবেদন করেছে। ফলে অংশগ্রহণকারী প্রকাশকের সংখ্যাও বাড়তে পারে।

প্রতিবছরের মতো এবারও বইমেলাকে ঘিরে লেখক-পাঠকের মিলনমেলার আবহ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা। স্টল নির্মাণে যাতে কোনো ত্রুটি না থাকে, সে জন্য তদারকি জোরদার করা হয়েছে।

মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সেলিম রেজা জানিয়েছেন, শুরুতে কিছু প্রকাশক রমজান মাসে আয়োজন নিয়ে আপত্তি তুললেও পরে আলোচনার মাধ্যমে সবাই একমত হয়েছেন। ঈদের পর আয়োজন বাস্তবসম্মত নয় বিবেচনায় ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। সাপ্তাহিক ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ৯টা থেকে। আয়োজকরা আশা করছেন, সম্মিলিত উদ্যোগে এবারের বইমেলাও পাঠকসমাগম ও বিক্রির দিক থেকে সফল হবে।

এম

Link copied!