ডিআরইউ’র সদস্য ও সন্তানদের সাঁতার প্রশিক্ষণ শুরু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৬:২০ পিএম
ডিআরইউ’র সদস্য ও সন্তানদের সাঁতার প্রশিক্ষণ শুরু

ছবি : প্রতিনিধি

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাদের সন্তানদের জন্য শুরু হয়েছে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম। ডিআরইউর আয়োজনে এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় শুক্রবার (১৯ জুন) রাজধানীর ব্রজেন দাস সুইমিং পুলে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত উদ্বোধনী প্রশিক্ষণে অর্ধশতাধিক সদস্য ও তাদের সন্তান অংশগ্রহণ করেন। প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তারা সমাজের নানাবিধ সংবাদ তুলে আনেন। তাই তাদের স্বাস্থ্য রক্ষায় ডিআরইউর এই উদ্যোগ প্রশংসনীয়। আমরাও ডিআরইউর সদস্য ও তাদের সন্তানদের স্বাস্থ্য রক্ষায় সাঁতারে যাবতীয় সহায়তা দিতে প্রস্তুত। ডিআরইউর এমন উদ্যোগকে স্বাগত জানাই। কারণ জীবনে ভালোভাবে বেঁচে থাকতে সাঁতার শেখার কোনো বিকল্প নেই।”

ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল। এ সময় নারী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না এবং সদস্য আখতার হোসেন ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি নিয়াজ মাহমুদ সোহেল সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় সহযোগিতার জন্য বাংলাদেশ সাঁতার ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সাঁতার শেখার এমন মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় আমরা সাঁতার ফেডারেশনের কাছে কৃতজ্ঞ। আমরা আশা করি, ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে তারা আমাদের পাশে থাকবে।”

পিএস

Link copied!