৫ উপায়ে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে ইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:০৮ পিএম
৫ উপায়ে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে ইসি

ছবি : সংগৃহীত

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পাঁচটি প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে। কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেলের মাধ্যমে সার্বক্ষণিকভাবে ভোটের পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন মাধ্যমের ভিডিও ফিড পর্যবেক্ষণ করছেন দায়িত্বরত কর্মকর্তারা।

ইসি সূত্রে জানা গেছে, যেসব পাঁচ প্রযুক্তির মাধ্যমে ভোট পর্যবেক্ষণ করা হচ্ছে সেগুলো হলো— ভোটকেন্দ্রে স্থাপিত ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে থাকা বডি ওর্ন ক্যামেরা, ড্রোন, বাংলাদেশ বিমান বাহিনীর মানুষবিহীন আকাশযান (ইউএভি) এবং ‘নির্বাচন সুরক্ষা’ মোবাইল অ্যাপ।

এসব প্রযুক্তির মাধ্যমে কেন্দ্রভিত্তিক ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।

ইসির তথ্য অনুযায়ী, নজরদারি নিশ্চিতে দেশের ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণে দায়িত্ব পালন করছেন পাঁচ লাখের বেশি পোলিং কর্মকর্তা। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরেও বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত রয়েছে।

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।

পিএস

Link copied!