৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১২:০৯ পিএম
৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিচারপ্রক্রিয়া সহজ ও ডিজিটাল সেবার পরিধি বাড়াতে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে বগুড়া আদালত চত্বরে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।

এর আগে তিনি ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। পরে সেখান থেকে পায়ে হেঁটে আদালত প্রাঙ্গণে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। একই সময় তিনি বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলকও উন্মোচন করেন।

ই-বেইলবন্ড চালুর মাধ্যমে জামিন প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা এবং ফলক উন্মোচন করবেন বলে জানা গেছে।

দিনের দ্বিতীয়ার্ধে তিনি গাবতলী উপজেলা-এ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের সূচনা।

এছাড়া সফরসূচিতে রয়েছে তার পৈতৃক বাড়ি পরিদর্শন এবং বিকেলে শহরে ফিরে রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ। বিকেল ৪টায় জেলা বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পুরো বগুড়া জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই বিভিন্ন স্থানে নেতা-কর্মী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করছেন, তাকে একনজর দেখার অপেক্ষায়।

এম

Link copied!