নতুন পে-স্কেলে শিক্ষকদের বাড়িভাড়া নিয়ে ধোঁয়াশা 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৭:২৯ পিএম
নতুন পে-স্কেলে শিক্ষকদের বাড়িভাড়া নিয়ে ধোঁয়াশা 

ফাইল ছবি

আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন হতে যাচ্ছে নতুন জাতীয় পে-স্কেল। একই সময় থেকে বর্ধিত বাড়িভাড়া পাওয়ার কথা রয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। তবে এই বাড়িভাড়া পূর্বের নাকি নতুন বেতন স্কেল অনুযায়ী বৃদ্ধি পাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা জানিয়েছে, ১ জুলাই থেকে পে-স্কেল কার্যকর হলে নতুন স্কেল অনুযায়ী শতকরা হারে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধি পাবে। তবে একই বিভাগের বাজেট শাখা বিষয়টি নিয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। ফলে কোন স্কেলে বাড়িভাড়া বাড়বে, তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। অবশ্য স্কেল যা-ই হোক না কেন, জুলাই থেকে শিক্ষকেরা যে বর্ধিত ভাতা পাবেন, তা নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হলে সেই স্কেল অনুযায়ীই শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধি পাওয়ার কথা। এজন্য নতুন করে কোনো প্রস্তাবনা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। অর্থ মন্ত্রণালয়ের চিঠিই নতুন পে-স্কেল অনুযায়ী বর্ধিত বাড়িভাড়ার চিঠি।’

জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বাড়ছে নিশ্চিত করে ওই কর্মকর্তা আরও বলেন, ১৫ শতাংশ বাড়িভাড়া জুলাই থেকেই কার্যকর হবে। বিষয়টি নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সেভাবেই বেতন-ভাতার প্রস্তাব দেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জারি করা ওই সম্মতিপত্রে বলা হয়েছিল, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনা করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুটি ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে গত ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) বাড়িভাড়া কার্যকর করা হয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭ দশমিক ৫ শতাংশের অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) বাড়িভাড়া ভাতা নির্ধারিত হবে।

এসএইচ 

Link copied!