ঢাকা : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমাদের দুর্বলতা চিহ্নিত করে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিং খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও অগ্রসর হতে পারবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রদর্শনী পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের কথাগুলো বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হলেও সামগ্রিকভাবে এখনও অনেকখানি পিছিয়ে আছে।
সড়ক অবকাঠামো ও পরিবহন সক্ষমতা উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ভয়াবহভাবে প্রাণহানি ঘটছে। এ কারণে সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা আধুনিকায়ন জরুরি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকল ট্যারিফ প্রসঙ্গে তিনি জানান, আগামী রোববার ট্যারিফ ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। প্রতিনিধি দলের সঙ্গে ট্যারিফ কাঠামোগত রূপদানের বিষয়ে আলোচনা হবে।
চীনা দূতাবাস আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের ৮টি ও চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান এতে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
পিএস
আপনার মতামত লিখুন :