জমির নামজারি নিয়ে জরুরি নির্দেশনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ১১:৩৪ পিএম
জমির নামজারি নিয়ে জরুরি নির্দেশনা

বাংলাদেশের জমি ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার আনতে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। জমির মালিকানা নিশ্চিত করতে এবং ভূমি নিয়ে সৃষ্ট দীর্ঘদিনের জটিলতা দূর করতে নামজারি এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানা যায়, ২০২৫ সালের জুলাই থেকে যে ২১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ডিজিটাল নামজারি চালু ছিল, সেই ব্যবস্থা শিগগিরই সারা দেশে সম্প্রসারণের প্রস্তুতি চলছে। নতুন এই পদ্ধতি কার্যকর হলে জমির মালিকানা প্রমাণ, রেকর্ড সংশোধন এবং মালিকানা হস্তান্তরের সমস্ত প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুল হবে বলে জানানো হয়েছে।

শুধু দলিল নয়, বৈধতার জন্য নামজারি অপরিহার্য

‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩’ অনুসারে, কেবল দলিল থাকলেই আর জমির মালিকানা প্রমাণ করা যাবে না। দলিলের পাশাপাশি নামজারি করতে হবে—এটা এখন আইনগত বাধ্যবাধকতা।

নামজারি সম্পন্ন না হলে— জমির মালিকানা সরকারি রেকর্ডে যুক্ত হবে না, জমি বিক্রি বা হস্তান্তর করা যাবে না, উত্তরাধিকারসূত্রে মালিকানা পরিবর্তন করা সম্ভব হবে না এবং খাজনা বা অন্যান্য সরকারি নথিপত্র গ্রহণেও জটিলতা তৈরি হবে।

এ ছাড়া নামজারি না থাকলে ভবিষ্যতে জমি নিয়ে আইনি বিরোধ বাড়ার ঝুঁকিও থেকে যাবে।

সরকারি সূত্র জানিয়েছে, এখন থেকে শুধুমাত্র দলিল দেখিয়ে কোনো জমি রেকর্ডে যুক্ত করার সুযোগ সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। অর্থাৎ জমি কেনা বা উত্তরাধিকারসূত্রে পাওয়া মাত্রই নামজারি প্রক্রিয়া সম্পন্ন করাই হবে বৈধ মালিক হিসেবে স্বীকৃতি পাওয়ার একমাত্র উপায়।

বর্তমানে নামজারির আবেদন অনলাইনে করা যায় এবং সরকারি ফি নির্ধারণ করা হয়েছে ১১৭০ টাকা।
আবেদন গ্রহণের পর এসএমএসের মাধ্যমে আবেদনকারীকে শুনানির তারিখ জানিয়ে দেওয়া হয়।

যদি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও কেউ নামজারি না পান, তবে ১৬১২২ নম্বরে কল করে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তায়ও ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

নামজারি ছাড়া জমি রাখলে একাধিক ঝুঁকি তৈরি হতে পারে— অন্য কেউ প্রতারণার মাধ্যমে জমি বিক্রি করে দিতে সক্ষম হতে পারে, মালিকানার ডিজিটাল রেকর্ডে নাম যুক্ত না হওয়ায় আইনি অসুবিধা দেখা দিতে পারে এবং ভবিষ্যতে জমি সংক্রান্ত যেকোনো সরকারি প্রক্রিয়ায় সমস্যায় পড়ার সম্ভাবনা থাকে।

এম

Link copied!