আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচন ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করতে মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিফিংয়ে অংশ নেবেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে ব্রিফিংয়ে অংশ নেবেন।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)।
ইসি সূত্র জানায়, ব্রিফিংয়ে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ের করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।
এম
আপনার মতামত লিখুন :