পে-স্কেলে বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর, সমতা মিলবে তো?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:২৫ পিএম
পে-স্কেলে বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর, সমতা মিলবে তো?

ফাইল ছবি

নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়বে কি না-এ প্রশ্ন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েক লাখ শিক্ষক-কর্মচারী রয়েছেন শঙ্কায়।

এ বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের বিদ্যমান বেতন কাঠামোর আওতায় যারা বেতন পান, নতুন পে-স্কেল অনুমোদিত হলে তাদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ার কথা।

অর্থ মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব জানান, সরকারি বেতন কাঠামোর আওতায় যারা সরকারের কাছ থেকে বেতন পান, নতুন পে-স্কেল কার্যকর হলে তাদের বেতন সেই কাঠামো অনুযায়ী নির্ধারিত হওয়ার কথা।

এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের কাছ থেকে বেতন পেলেও তা অনুদান হিসেবে দেওয়া হয়। পাশাপাশি তারা সরকারি চাকরিজীবীদের মতো সব সুযোগ-সুবিধা পান না। তবে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, নবম পে-স্কেল বাস্তবায়িত হলে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন কমিশনের সুপারিশ অনুযায়ীই বাড়বে।

শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নবম পে-স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন শতভাগ পর্যন্ত বাড়তে পারে। এর ফলে বৈশাখী ভাতা ও উৎসব ভাতার অঙ্কও বাড়বে।

তবে বাড়ি ভাড়ার ক্ষেত্রে বৈষম্য থেকেই যাবে। এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া পাবেন মূল বেতনের ১৫ শতাংশ, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য তা ৪৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত।

চিকিৎসা ভাতার ক্ষেত্রেও পার্থক্য স্পষ্ট। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা চিকিৎসা ভাতা পান ৫০০ টাকা। নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা বাড়িয়ে ৪ হাজার থেকে ১০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। এমপিওভুক্ত শিক্ষকরা এই সুবিধা পাবেন না বলেই ধারণা করা হচ্ছে।

সরকারি চাকরিজীবীদের জন্য টিফিন ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করার সুপারিশ থাকলেও এমপিওভুক্ত শিক্ষকরা এই ভাতা পান না। বিনোদন ভাতাও তাদের জন্য নেই, যেখানে সরকারি কর্মচারীরা নির্দিষ্ট সময় পরপর মূল বেতনের সমপরিমাণ বিনোদন ভাতা পেয়ে থাকেন।

শিক্ষা ভাতার ক্ষেত্রেও রয়েছে স্পষ্ট বৈষম্য। বর্তমানে সরকারি কর্মচারীদের দুই সন্তানের জন্য মাসে এক হাজার টাকা করে শিক্ষা ভাতা দেওয়া হয়, যা দুই হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব রয়েছে। এ ভাতা বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত প্রযোজ্য। তবে এমপিওভুক্ত শিক্ষকদের সন্তানদের জন্য কোনো শিক্ষা ভাতা নেই।

নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগোলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির পাশাপাশি সুযোগ-সুবিধায় সমতা আসবে কি না-সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

এসএইচ 

Link copied!