ভিসা নিয়ে একযোগে ১৩ দেশের নির্দেশনা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১১:৩৯ এএম
ভিসা নিয়ে একযোগে ১৩ দেশের নির্দেশনা

ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে নির্দেশনা দিয়েছে বিশ্বের ১৩টি দেশ। বুধবার (৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বার্তায় এ নির্দেশনা জানানো হয়।

এই উদ্যোগে অংশ নেওয়া দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।

যৌথ বিবৃতিতে বলা হয়, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বিশেষ করে জাল কাগজপত্র ব্যবহার, অননুমোদিত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অজ্ঞাত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেন থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

দেশগুলো আরও জানায়, এসব অনিয়মের ফলে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, এমনকি সীমান্তে প্রবেশে বাধা ও আইনি জটিলতার মতো গুরুতর সমস্যার মুখোমুখি হতে পারেন আবেদনকারীরা।

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, কোনো দূতাবাস বা কনস্যুলার মিশন কোনো এজেন্টের সঙ্গে যুক্ত নয়। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, শুধুমাত্র যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট বা অনুমোদিত চ্যানেলের মাধ্যমেই সব ধরনের কার্যক্রম সম্পন্ন করা উচিত। এতে করে ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরাপত্তা ও ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট দেশগুলো।

এম

Link copied!