খুলনা: দীর্ঘ ১১ বছরেও নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বিদ্যমান বেতন কাঠামোর অসামঞ্জস্যের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন বলে মন্তব্য করেছেন বক্তারা।
৯ম জাতীয় পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, খুলনা জেলা শাখার উদ্যোগে শনিবার (৯ মে) বিকেলে খুলনার হোটেল জেলিকোর সেমিনার কক্ষে বিভাগীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ আবদুল মালেক। সভাপতিত্ব করেন খুলনা জেলা কমিটির সভাপতি সোহানা মির্জা।
প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আশিকুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মু. শাহাবুদ্দিন মুন্সী, মোঃ শাহিন খান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রাসেল শেখ। স্বাগত বক্তব্য রাখেন শেখ মহি উদ্দিন প্রিন্স। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ নাজমুল ইসলাম ও রাসেল আহমেদ শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবদুল মালেক বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান শক্তি। কিন্তু দীর্ঘদিনেও নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় তাদের জীবনমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে।”
ভিডিও কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে সদস্য সচিব আশিকুল ইসলাম বলেন, ‘ধাপে ধাপে বেতন বাস্তবায়নের কোনো প্রস্তাব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মেনে নেবে না। বর্তমান বাজার পরিস্থিতিতে কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা এক দফায় পূর্ণাঙ্গ ৯ম জাতীয় পে-স্কেলের বাস্তবায়ন চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
সভায় বক্তারা বলেন, বর্তমান বাস্তবতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান রক্ষা, কর্মস্পৃহা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতে একটি যুগোপযোগী পে-স্কেল অত্যন্ত জরুরি। দীর্ঘ ১১ বছরেও নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি চরম বৈষম্য ও অবহেলার বহিঃপ্রকাশ বলেও তারা মন্তব্য করেন।
সমাবেশ থেকে দ্রুত সুপারিশ প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ, জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিতকরণ এবং ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ করে দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
এসআই
আপনার মতামত লিখুন :