দেশের ১৬ জেলায় বন্যার আভাস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৩:৫৭ পিএম
দেশের ১৬ জেলায় বন্যার আভাস

ফাইল ছবি

ঢাকা: দেশের কয়েকটি নদীর পানি  আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। দেশের অভ্যন্তরে ও উজানে ভারি বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধির কারণে আগামী কয়েক দিনে দেশের ১৬টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলও কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

অন্যদিকে একই সময়ে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এছাড়াও আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিচু এলাকাগুলোয় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে অতিভারি এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাংলাদেশের উজান অংশে ভারতের মেঘালয় ও ত্রিপুরা প্রদেশেও ভারি থেকে অতিভারি বৃষ্টি লক্ষ্য করা গেছে।

বিভিন্ন আবহাওয়া সংস্থার তথ্য বিশ্লেষণ করে পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী চার দিন দেশের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে নদীগুলোর পানির সমতল আরও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

পিএস

Link copied!