পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৪:৪৮ পিএম
পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর

ফাইল ছবি

নতুন পে-স্কেলের খবরের আমেজ কাটতে না কাটতেই সরকারি চাকুরিজীবীদের জন্য এলো আরেকটি বড় সুখবর। এবার জিপিএফ ও সিপিএফ আমানতে আকর্ষণীয় মুনাফার হার ঘোষণা করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে ভবিষ্য তহবিলে জমা টাকার ওপর সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জিপিএফে জমার পরিমাণের ওপর ভিত্তি করে এই মুনাফা মিলবে। বছরের শুরুতে তহবিলের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে সর্বোচ্চ ১৩ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত আমানতে ১২ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি স্থিতির ক্ষেত্রে পাওয়া যাবে ১১ শতাংশ মুনাফা। নতুন জমা হওয়া চাঁদার ওপরও একই স্ল্যাব অনুযায়ী মুনাফা হিসাব করা হবে।

অন্যদিকে স্বায়ত্তশাসিত ও করপোরেশনের অধীন সিপিএফভুক্ত কর্মীদের জন্য এই হারকে সর্বোচ্চ সীমা ধরা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আর্থিক সক্ষমতা বিবেচনা করে নিজ কর্মীদের মুনাফা ঠিক করবে। সরকারি এই পদক্ষেপে সরকারি কর্মচারীদের সঞ্চয়ে এখন নতুন জোয়ার আসবে।

এর আগে ২০২৬ সালের ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকরের প্রজ্ঞাপন জারি করে সরকার। যেখানে প্রথম ধাপে ধাপে বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়েছে। এখন জিপিএফের বাড়তি মুনাফা যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অর্থনৈতিক প্রত্যাশা আরও এক ধাপ পূরণ হলো। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাজারে আমানতের এই বাড়তি রিটার্ন নিশ্চিতভাবেই সরকারি পরিবারগুলোতে বড় স্বস্তি ফেরাবে।

এসএইচ 

Link copied!