আজ শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৯:২৮ এএম
আজ শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রপ্তানির বাজার সম্প্রসারণ ও প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে এ আয়োজন চলবে।

সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করবেন। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন থাকবে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। তাদের বক্তব্যে দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্যের রপ্তানি বাড়ানোর সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান আসে গবাদিপশু ও পোলট্রি খাত থেকে। দুধ, ডিম ও মাংসের পাশাপাশি এ খাত নারী ও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি করছে।

রাষ্ট্রপতি আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন জরুরি। এ জন্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় জাত সংরক্ষণ, উন্নত প্রজনন প্রযুক্তি, মানসম্মত পশুখাদ্য, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

তার মতে, প্রাণিজ পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, আধুনিক খামার পরিচালনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে এ খাতে দেশের স্বনির্ভরতা বাড়বে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, স্বল্প মেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করেছে।

দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানির সম্ভাবনাও তুলে ধরেন তিনি। পাশাপাশি প্রচলিত পণ্যের বাইরে নতুন নতুন প্রাণিজ পণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক প্রচার, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, রেসিপি প্রতিযোগিতা এবং প্রাণিসম্পদ প্রদর্শনী। কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এম

Link copied!