সংরক্ষিত নারী আসনে বিএনপির এগিয়ে যারা, শিগগিরই চূড়ান্ত তালিকা 

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:৪৪ পিএম
সংরক্ষিত নারী আসনে বিএনপির এগিয়ে যারা, শিগগিরই চূড়ান্ত তালিকা 

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠনের পর এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে সংরক্ষিত ৫০টি নারী আসনে প্রার্থী নির্বাচন। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে, অর্থাৎ ১৪ মার্চের আগেই সংসদের প্রথম অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় সময়সীমার মধ্যেই তালিকা চূড়ান্ত করতে কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলীয় হিসাব অনুযায়ী, সাধারণ আসনের ফলাফলের ভিত্তিতে বিএনপি ও তাদের জোটের ভাগে প্রায় ৩৫টি সংরক্ষিত আসন আসতে পারে। রাজপথের ত্যাগী নেত্রী, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার আন্দোলনে যুক্তদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ তালিকা তৈরির চেষ্টা চলছে।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি এবং জোটগতভাবে ২১২টি আসনে জয় পায়। আরপিও অনুযায়ী সাধারণ আসনের আনুপাতিক হারে সংরক্ষিত আসন বণ্টিত হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, রমজানের মধ্যেই প্রক্রিয়া শেষ করে ঈদের আগে গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এবার সংরক্ষিত আসন বণ্টনে গত ১৭ বছরের রাজনৈতিক ভূমিকা ও ভবিষ্যতের সংসদকে কার্যকর করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সরাসরি নির্বাচনে ৮৬ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন, তাঁদের মধ্যে সাতজন জয়ী হয়েছেন। সংরক্ষিত আসন যুক্ত হলে ৩৫০ সদস্যের সংসদে নারী সদস্য দাঁড়াবে ৫৭ জনে, যা মোট আসনের প্রায় ১৬ শতাংশ।

দলের অভিজ্ঞ নেতৃত্বের মধ্যে আলোচনায় রয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও শিরিন সুলতানা। পাশাপাশি আলোচনায় আছেন অ্যাডভোকেট হাসিনা আহমদ, রুমানা মাহমুদ, হাসনা জসীমউদ্দীন মওদুদ, ব্যারিস্টার রাশনা ইমাম ও শাকিলা ফারজানা।

সাংস্কৃতিক অঙ্গন থেকেও কয়েকজনের নাম শোনা যাচ্ছে-কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন ও কনক চাঁপা। মানবাধিকার আন্দোলনের মুখ সানজিদা ইসলাম তুলি, তরুণ প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং সাবিরা সুলতানার নামও আলোচনায় রয়েছে।

আগের সংসদের অভিজ্ঞ নেত্রীদের মধ্যে শাম্মী আকতার, নিলোফার চৌধুরী মনি, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ও রেহেনা আকতার রানুর নাম রয়েছে তালিকায়। রাজনৈতিক পরিবার থেকে সামিরা তানজিনা চৌধুরী ও সৈয়দা আদিবা হোসেনের নামও আলোচিত হচ্ছে।

ঢাকার বাইরে সক্রিয় নেত্রীদের মধ্য থেকে বিলকিস আকতার জাহান শিরিন, নিপুণ রায় চৌধুরী, হেলেন জেরিন খানসহ আরও কয়েকজনের নাম ঘুরছে আলোচনায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর ক্ষমতায় এসে বিএনপি এমন একটি সংসদীয় দল গঠনের চেষ্টা করছে, যেখানে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয় থাকবে। এখন সবার নজর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে-কবে প্রকাশ পাবে সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা।

এসএইচ 

Link copied!