এনসিপিতে যোগ দিচ্ছে রুমিন ফারহানাসহ অর্ধশতাধিক জুলাই যুদ্ধা 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৪:০০ পিএম
এনসিপিতে যোগ দিচ্ছে রুমিন ফারহানাসহ অর্ধশতাধিক জুলাই যুদ্ধা 

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নতুন কয়েকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ও পরিচিত মুখ যোগ দিতে পারেন-এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে জোরালো হচ্ছে। এর মধ্যে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত–এর নাম সামনে এসেছে। একই সঙ্গে জুলাই আন্দোলনের পরিচিত প্রায় অর্ধশতাধিক মুখও দলটিতে যোগ দিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। চলতি মাসের মধ্যেই তাদের আনুষ্ঠানিক যোগদানের সম্ভাবনা রয়েছে।

জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে এক ছাতার নিচে আনার উদ্যোগ হিসেবে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, দল ও প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে জাতীয় নাগরিক পার্টি। এই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল ও সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন দলটির শীর্ষ নেতারা। আলোচনায় রয়েছে আপ বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। পাশাপাশি আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নামও আলোচনায় এসেছে।

দলীয় সূত্র জানায়, আপ বাংলাদেশের শীর্ষ তিন নেতাসহ একটি অংশের এনসিপিতে যোগদান প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ নিয়ে কয়েক দফায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আলী আহসান জুনায়েদের মধ্যে বৈঠক হয়েছে। আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত ছাড়াও প্ল্যাটফর্মটির মুখপাত্র শাহরিন সুলতানা ইরাসহ আরও ২৫ থেকে ৩০ জন প্রাথমিকভাবে এনসিপিতে যোগদানের বিষয়ে আলোচনা করছেন। এর বাইরে এবি পার্টি থেকেও একটি অংশ দলটিতে যোগ দিতে পারে।

এ ছাড়া নয় দফার ঘোষক ও ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসানসহ আরও কয়েকজনের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

সূত্রগুলো বলছে, সাবেক বিএনপি নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গেও এনসিপির নেতারা নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে তার যোগদানের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এ ছাড়া এবি পার্টির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা ও শাহাদাতুল্লাহ টুটুল–এর সঙ্গেও যোগদানের বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

এনসিপি সূত্র আরও জানিয়েছে, খুব দ্রুতই আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে সম্ভাব্য নতুন নেতাদের বরণ করে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে আগামী ১২ এপ্রিল যোগদানের একটি তারিখ নির্ধারণ করা হলেও বিষয়টি চূড়ান্ত হয়নি।

যোগদানের বিষয়ে জানতে চাইলে আব্দুল কাদের বলেন, তার বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন।

আপ বাংলাদেশের এক শীর্ষ নেতা বলেন, যোগদানের বিষয়ে আলোচনা চলছে, তবে এখনও চূড়ান্ত হয়নি। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন, অনেকের সঙ্গেই কথা হচ্ছে। রুমিন ফারহানার বিষয়টি এখনো চূড়ান্ত নয়। তবে আপ বাংলাদেশের একটি অংশের যোগদানের বিষয়ে আলোচনা চলছে।

এসএইচ 

Link copied!