ফাইল ছবি
জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী স্বাধীন পুলিশ কমিশন গঠন না করায় দেশে ‘মবতন্ত্র’ কায়েম হয়েছে বলে অভিযোগ করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। পুলিশ সংস্কারের ইস্যুতে বিএনপি সরকার আগের আওয়ামী লীগ সরকারের পদাঙ্কই অনুসরণ করছে বলে দাবি করেছে দলটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ।
সংবাদ সম্মেলনে সালমান মুক্তাদিরের স্টুডিও, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও আশুলিয়ার একটি মাদ্রাসায় মব সন্ত্রাস ও লুটপাটের ঘটনা তুলে ধরা হয়। পাশাপাশি জাসদ কার্যালয়ে বিতর্কিতভাবে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া এবং পরবর্তীতে সেখানে যুবদলকে মব করার সুযোগ করে দেওয়ার অভিযোগ এনে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে দায়ী করে জেডিপি।
নাঈম আহমাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের অন্যতম প্রধান প্রত্যাশা ছিল পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করা। জুলাই সনদের ৬৯ নম্বর দফায় স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছিল এবং কোনো দল এতে আপিল করেনি। কিন্তু সেই অনুযায়ী পদক্ষেপ না নেওয়ায় পুলিশকে নৈতিকভাবে শক্তিশালী করা সম্ভব হয়নি। ফলে তারা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যর্থ হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করে নাঈম আহমাদ বলেন, পুলিশ সংস্কারের প্রতিশ্রুতি না মেনে স্বরাষ্ট্রমন্ত্রী উল্টো পুলিশ বাহিনীর প্রতি কঠোর হওয়ার হুমকি দিচ্ছেন। যা কার্যত প্রমাণ করে মব সন্ত্রাস ঠেকাতে পুলিশ এককভাবে সক্ষম নয় এবং পুলিশ সদস্যরা আজও নিজেদের পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার সুযোগ পাচ্ছেন না। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘মবের মাস্টারমাইন্ড’ বলে আখ্যা দেন তিনি।
পুলিশ আইনের ইতিহাস টেনে জেডিপি আহ্বায়ক উল্লেখ করেন, ১৮৬১ সালে ব্রিটিশ আমলে তৈরি শোষণমূলক পুলিশ আইনের মূল দর্শন আজও অপরিবর্তিত রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে পদোন্নতি ও পদায়নের যে কালচার গড়ে উঠেছে, তা থেকে বর্তমান সরকারও বের হতে পারেনি।
উদাহরণ টেনে তিনি বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত এক সদস্যের বক্তব্যেই স্পষ্ট-অন্ধভাবে সরকারি নির্দেশ পালন করাকেই পুলিশে পেশাদারিত্ব হিসেবে শেখানো হয়।
ইতিহাসের উল্লেখ করে নাঈম আহমাদ বলেন, ২০০৭ সালে পুলিশ অধ্যাদেশের খসড়া বা ২০২৫ সালে ইস্যু করা অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ-কোনোটিই শেষ পর্যন্ত স্থায়ী আইনে রূপ পায়নি। অন্তর্বর্তী সরকারের পর বর্তমানে বিএনপি ক্ষমতায় আসলেও তারা পুলিশ কমিশন অধ্যাদেশকে কার্যকর আইনে রূপ দেয়নি। রাজনৈতিক ফায়দা লুটতেই এই সংস্কার প্রক্রিয়াকে গুরুত্বহীন করে রাখা হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে কোনো রকম সংশোধন ছাড়াই অবিলম্বে পুলিশ কমিশন অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইন হিসেবে পাস করার দাবি জানানো হয়। আগামী সংসদ অধিবেশনে এই আইন পাস না করা হলে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে জনমত গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
সংবাদ সম্মেলনে জেডিপির সদস্য সচিব এডভোকেট আব্দুল আলিম, প্রধান সংগঠক মোঃ আহছান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মুত্তাকী বিন মনিরসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এসএইচ