ঢাকা: ৫ আগস্টের পর ফ্যাসিবাদবিরোধী শক্তির নিত্যনতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহিদদের আত্মত্যাগের প্রতি অবমাননা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে এসে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে বিএনপি দেশের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চায়।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনই একমাত্র পথ। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিভ্রান্তি বা বিতর্ক তৈরি হলে পতিত ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিরোধ বা প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। বর্তমানে সমগ্র বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রবেশ করছে উল্লেখ করে তিনি বলেন, “এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। বিএনপি ইতিমধ্যে শিক্ষা, কর্মসংস্থান ও প্রযুক্তি খাতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়েছে।”
তিনি জানান, শিক্ষার্থীরা পড়াশোনা শেষে বা মাঝপথে ঝরে পড়লেও যাতে বেকার জীবন কাটাতে না হয়, সে লক্ষ্যে শিক্ষা কারিকুলামে ব্যবহারিক ও কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে বিএনপি।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার উল্লেখ করে তারেক রহমান বলেন, “এটি হবে দেড় দশকের বেশি সময় পর জনগণের হাতে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ। কিন্তু এ নিয়ে কিছু দলের বক্তব্য গণতন্ত্রকামী মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে। দূরত্ব তৈরি হলে পতিত ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসনের সুযোগ পাবে।”
তিনি গণতন্ত্রকামী জনগণ ও রাজনৈতিক নেতাদের উদ্দেশে সতর্ক থাকার আহ্বান জানান।
ওএফ
আপনার মতামত লিখুন :