বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল আগামি ফেব্রুয়ারিতে সবার অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন দেখতে চায়। এককভাবে নয়, বরং অন্যান্য রাজনৈতিক শক্তিকেও সঙ্গে নিয়েই তারা নির্বাচনে অংশ নেবে বলে জানান তিনি।
সৌদি আরবে ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির জানান, যুক্তরাষ্ট্র সফরে সরকারি ও বেসরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি বলেন, “বাংলাদেশ এখন ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত। এই মুক্তির সংগ্রামে প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে সময় বাড়ানোর আহ্বান জানান। তার মতে, “এনআইডি ও বৈধ পাসপোর্ট থাকলেই নাগরিক পরিচয়ের জন্য যথেষ্ট। প্রক্রিয়াটি আরও সহজ করতে হবে।”
ডা. শফিকুর রহমান জানান, সরকার ও সংসদ পরিচালনায় প্রবাসীদেরও অংশগ্রহণ নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, “আমরা দুনিয়ার সকল দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। যুক্তরাজ্য ও তুরস্ক সফরেও আমরা ইতিবাচক সাড়া পেয়েছি।”
বিএনপির মনোনয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপি যে তালিকা দিয়েছে সেটি এখনো চূড়ান্ত নয়। আমরাও সময়মতো নিজেদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব।”
তিনি আরও বলেন, “জামায়াত এককভাবে নয়, বরং জাতীয় স্বার্থে অন্য দলগুলোকেও সঙ্গে নিয়ে নির্বাচনে যাবে। মতভিন্নতা থাকতে পারে, তবে মতবিরোধে আমরা বিশ্বাসী নই। ভিন্নমতই গণতন্ত্রের সৌন্দর্য।”
রাজনৈতিক দলগুলোর আলোচনার আহ্বান প্রসঙ্গে তিনি জানান, “আমরা আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য গঠনের পক্ষে। ইতিমধ্যে আমাদের নায়েবে আমির তাহের দেশ ও জাতির স্বার্থে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।”
সংবাদ ব্রিফিংয়ে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এম
আপনার মতামত লিখুন :