ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন। বৃহস্পতিবার রাতে দলটির কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র নেন। এ সময় এনসিপির শীর্ষ নেতাদেরও তাঁর পাশে দেখা যায়।
জুলাই বিপ্লবের উত্তাল সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে স্যালুট দেওয়ার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সুজন বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন তাঁকে নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে উৎসাহিত করেছে। তিনি আশা করছেন, মানুষের সেই ভালোবাসাই তাঁকে বিজয়ের পথে নিয়ে যাবে।
ঢাকা-৮ আসনে ইতিমধ্যে বড় দলগুলোর মনোনয়ন নিশ্চিত হয়েছে। বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াত ইসলামী এই আসনে মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।
এখন নজর সবারই এই আসনের উত্তেজনাপূর্ণ বহুপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতার দিকে।
এসএইচ
আপনার মতামত লিখুন :