দেশ পরিচালনার সুযোগ পেলে এক কোটি কর্মসংস্থান তৈরি করব: তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:৫৪ পিএম
দেশ পরিচালনার সুযোগ পেলে এক কোটি কর্মসংস্থান তৈরি করব: তারেক রহমান

ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে দেশ পরিচালনা করার সুযোগ পেলে আগামী পাঁচ বছরে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা- ৮ আসনে পীরজঙ্গি মাজার সড়কে এক নির্বাচনী পথ সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “এই এলাকায় (ঢাকা-৮ আসন) কর্মসংস্থানের সমস্যা আছে, এই সমস্যা শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশে এই সমস্যা। এর জন্য আপনাদের প্রিয় দল বিএনপি এই ব্যাপারে কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা বাংলাদেশে আগামী পাঁচ বছরে ইনশাল্লাহ এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব।”

তিনি বলেন,  “আমরা দেশে বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করব, বিদেশ থেকে বিনিয়োগকারীদেরকে আমরা আমন্ত্রণ জানাব, দেশে মিল কারখানা তৈরির মাধ্যমে বেকার সমস্যার সমাধান করব।”

দক্ষ নাগরিক গড়ে তোলার পরিকল্পনায় তারেক রহমা্ন বলেন, সর্বত্র ভোকেশনাল ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট টেকনোলজিক্যাল ইনস্টিটিউট এবং আইটি সংক্রান্ত বিভিন্ন ইনস্টিটিউট আমরা তৈরি করব। সেখানে আমাদের তরুণ সমাজের ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আমরা দক্ষ নাগরিক হিসেবে ধীরে ধীরে গড়ে তুলব। যার ফলে তারা দেশেই হোক নিজেদের কর্মসংস্থান তৈরি করে নিতে পারবে, দেশেই হোক তারা নিজেদের বিনিয়োগের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে।

তারা বিদেশেও যেতে পারবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা বিদেশে যাবেন…আমরা দেখেছি আমাদের প্রায় দেড় কোটি প্রবাসী বিদেশে আছেন। এর মধ্যে অনেক মানুষ বিদেশ যাবার আগে অর্থ সংকটের জন্য নিজেদের বাপ-দাদার জমি বিক্রি করতে হয়। কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, ইনশাআল্লাহ আগামীতে যারা এই দক্ষ মানুষ যারা বিদেশে যাবে আমাদের তরুণরা, যুবকরা যারা বিদেশে যাবে, যারা অর্থ সংকটের কারণে যেতে পারছে না তাদেরকে আমরা জমি বিক্রি করতে দেব না। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেব। যেই টাকা সে ধীরে ধীরে ওখানে কর্মসংস্থান করে পরিশোধ করবে। 

ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য সেবা, ইমাম-মুয়াজ্জিনসহ সকল ধর্মগুরুদের জন্য সন্মানি ভাতা প্রবর্তন, আইনশৃঙ্খলা ঠিক করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্নীতির লাগাম টেনে ধরার বিষয়ে দলের পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান।

পিএস

Link copied!