সংরক্ষিত নারী আসনে থাকবেন যারা, জানালেন মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৪৮ পিএম
সংরক্ষিত নারী আসনে থাকবেন যারা, জানালেন মির্জা ফখরুল

ফাইল ছবি

সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। ইতোমধ্যে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীরা শপথ নিয়েছেন। এ অবস্থায় সংরক্ষিত নারী আসনের ৫০টি পদ ঘিরে দলগুলোর প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে।

সংসদের গাণিতিক সমীকরণ অনুযায়ী সংরক্ষিত আসনের বড় অংশ পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তবে এসব আসনে কাদের মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দলটি।

সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের বিষয়টি সংসদেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনগণের সঙ্গে সম্পৃক্ততা এবং দলের প্রতি দীর্ঘদিনের অবদানকে গুরুত্ব দেওয়া হবে। দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নারীদেরই অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের মেয়াদ ও আইনি কাঠামো বিবেচনায় নিয়ে সঠিক সময়ে নির্বাচন আয়োজন করা হবে। সবগুলো নির্বাচনকে সমন্বয় করে পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে এবং এ নির্বাচনগুলোকে গুরুত্ব দেওয়া হবে।

এদিকে বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ–এর কার্যালয় খোলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলটি এমন পরিস্থিতি চায়নি। তবে আইনগতভাবে যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, সে অনুযায়ীই বিষয়টি দেখা হবে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ভেতরে এখন তৎপরতা বাড়ছে। শিগগিরই দলগুলোর সম্ভাব্য প্রার্থীদের নাম সামনে আসতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন।

এসএইচ 
 

Link copied!