ভারতে মারা গেলেন আ.লীগের সাবেক এমপি

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:০৮ এএম
ভারতে মারা গেলেন আ.লীগের সাবেক এমপি

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জোয়াহেরুল ইসলাম (৭০) মারা গেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তার মৃত্যু হয়।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কলকাতার দমদম এলাকায় অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এক সপ্তাহ আগে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ আপাতত হাসপাতালেই রাখা হবে। পরে সংরক্ষণের জন্য তা কলকাতার পিস হেভেনে নেওয়া হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর পেশায় আইনজীবী জোয়াহেরুল ইসলাম ভারতে যান এবং কলকাতার নিউটাউন এলাকায় বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রীও মেডিকেল ভিসায় সেখানে যোগ দেন। পরিবারের সদস্যদের সঙ্গে সেখানেই অবস্থান করছিলেন তিনি।

রাজনৈতিক জীবনে তিনি ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এই নেতা একাধিকবার আলোচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এম

Link copied!