বিএনপির সংরক্ষিত নারী আসনে আগ্রহের জোয়ার, ৩৬ আসনে আবেদন সাত শতাধিক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১১:১১ এএম
বিএনপির সংরক্ষিত নারী আসনে আগ্রহের জোয়ার, ৩৬ আসনে আবেদন সাত শতাধিক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে সামনে রেখে তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় মনোনয়ন পেতে নারীনেত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে, যেখানে আবেদনকারীর সংখ্যা ইতোমধ্যে সাত শতাধিক ছাড়িয়েছে।

নির্বাচন কমিশনের সূত্র মতে, সাধারণ আসনের ভিত্তিতে হিসাব করলে বিএনপি জোটের ভাগে পড়তে পারে ৩৬টি সংরক্ষিত নারী আসন। এর বাইরে জোটসঙ্গীদের মধ্যেও আসন বণ্টন হবে, ফলে প্রতিটি আসনের বিপরীতে একাধিক শক্তিশালী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে।

দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার পর থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন আগ্রহী প্রার্থীরা। প্রথম দিনেই কয়েকশ ফরম বিক্রির তথ্য পাওয়া গেছে, যা দলীয় রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে।

মনোনয়নপ্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, কারাভোগ এবং সাংগঠনিক দক্ষতার বিবরণ তুলে ধরছেন দলের নীতিনির্ধারকদের কাছে। সাবেক ছাত্রনেত্রী, মহিলা দলের নেত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেত্রীরাও এই প্রতিযোগিতায় রয়েছেন।

দলীয় সূত্র জানায়, এবার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্ব—দুইয়ের সমন্বয় করতে চায় বিএনপি। শিক্ষিত, তরুণ এবং রাজনৈতিকভাবে সক্রিয় নারীদের পাশাপাশি দীর্ঘদিনের ত্যাগী নেত্রীদেরও গুরুত্ব দেওয়া হতে পারে।

আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আফরোজা আব্বাস, শিরীন সুলতানা, রাশেদা বেগম, নিপুণ রায় চৌধুরী, হেলেন জেরিন খান, নাজমুন নাহার বেবীসহ আরও অনেক পরিচিত মুখ।

এছাড়া সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব যেমন কনকচাঁপা ও বেবী নাজনীন-এর নামও আলোচনায় রয়েছে, যা এই নির্বাচনে বৈচিত্র্য যোগ করেছে।

দলের একাধিক সূত্র জানায়, চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করবে পার্লামেন্টারি বোর্ড। প্রার্থীদের রাজনৈতিক অবদান, গ্রহণযোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদীয় কার্যক্রমে সক্ষমতা—সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে মনোনয়নপ্রত্যাশীরা আশাবাদী, দীর্ঘদিনের ত্যাগ ও রাজনৈতিক অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন হবে এবং যোগ্যতার ভিত্তিতেই দল তাদের বেছে নেবে।

এম

Link copied!