বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর পাল্টাপাল্টি অবস্থানকে ঘিরে। দলটির আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, নির্বাচনে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত জেলা আমির সম্মেলনে তিনি বলেন, বৃহত্তর স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি।
জামায়াত আমির দাবি করেন, ব্যাপক ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে নির্বাচন প্রভাবিত করা হয়েছে এবং এতে জনগণের প্রত্যাশা ভূলুণ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার ‘ফ্যাসিবাদী’ কায়দায় দেশ পরিচালনার চেষ্টা করছে এবং সংসদে বিরোধী কণ্ঠ দমন করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীনতাও বাধাগ্রস্ত করা হচ্ছে। দেশের সংকট নিয়ে সংসদে আলোচনার উদ্যোগ নাকচ করা হয় বলেও দাবি করেন তিনি।
এ সময় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্যকে বিকৃত না করে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে তিনি জানান, জনগণের স্বার্থে সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
দেশের অর্থনৈতিক সম্পদ রক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
এম
আপনার মতামত লিখুন :