ছবি: সংগৃহীত
একটি দীর্ঘ ও বর্ণাঢ্য সাংগঠনিক সফরের ইতি টেনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন সংগঠনটির অন্যতম পরিচিত মুখ সাদিক কায়েম। ছাত্ররাজনীতির দীর্ঘ পথপরিক্রমা শেষে সংগঠনের স্বাভাবিক নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই আজ তাঁর এই আনুষ্ঠানিক বিদাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের কথা জানিয়ে তিনি মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিদায়লগ্নে সাদিক কায়েম তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সামাজিক মাধ্যমে লিখেন, জীবনের সবচেয়ে সুন্দর ও সৃষ্টিশীল সময়গুলো এই কাফেলার সাথেই অতিবাহিত হয়েছে। দেশ ও জাতিকে নিয়ে বৃহৎ পরিসরে ভাবনার পাশাপাশি জড়তা ভেঙে কথা বলা এবং নেতৃত্বের গুণাবলি অর্জনে এই সংগঠন তাঁর জীবনে অনন্য ভূমিকা পালন করেছে। জীবনের প্রতিটি বাঁকে নিবেদিতপ্রাণ সহযোদ্ধা ও দায়িত্বশীলদের সান্নিধ্য এবং শিক্ষা তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। পেছনে ফেলে আসা দিনগুলোর অসংখ্য স্মৃতি ও সংগ্রামী চিত্রকে আগামী দিনের পাথেয় হিসেবে দেখছেন তিনি।
সামনের দিনগুলোতে এই অঞ্চলের মজলুম মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সংগঠনের কর্মীদের অতন্দ্র প্রহরী হিসেবে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন সাদিক কায়েম। একই সাথে দেশ ও দশের কল্যাণে যেন এই আন্দোলন যোগ্য নেতৃত্ব তৈরি করতে পারে, সেই শুভকামনা জানিয়েছেন তিনি। বাংলাদেশের ছাত্ররাজনীতির প্রেক্ষাপটে আদর্শিক চর্চা ও নিয়মতান্ত্রিক বিদায়ের এই সংস্কৃতি একটি ইতিবাচক বার্তা বহন করে।
এসএইচ
আপনার মতামত লিখুন :