স্থানীয় নির্বাচনের প্রার্থী নিয়ে যে কৌশলে এগুচ্ছে বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:১৩ পিএম
স্থানীয় নির্বাচনের প্রার্থী নিয়ে যে কৌশলে এগুচ্ছে বিএনপি

ফাইল ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে নিজেদের সাংগঠনিক ভিত ঢেলে সাজানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। একই সঙ্গে স্থানীয় নির্বাচনে দলের শৃঙ্খলা বজায় রাখতে ‘একক প্রার্থী’ নিশ্চিত করার কৌশল নিয়েছে হাইকমান্ড। এ লক্ষ্যে দেশজুড়ে মূল দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে দ্রুত নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

দলের ভেতরের স্থবিরতা ও কোন্দল দূর করতে শতভাগ ইতিবাচক সাংগঠনিক পুনর্বিন্যাসের তাগিদ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া সম্পূর্ণ নির্দলীয় ও প্রভাবমুক্ত পরিবেশে হওয়ার কথা রয়েছে। তবে প্রতীক না থাকলেও দলীয় সমর্থনের ক্ষেত্রে যাতে কোনো বিভেদ সৃষ্টি না হয়, সেদিকে কঠোর নজর রাখছে বিএনপি।

গত জাতীয় নির্বাচনে অর্ধশতাধিক আসনে দলের নেতারা বিদ্রোহী প্রার্থী হওয়ায় তৃণমূলের অনেক জায়গায় কোন্দল ও বিভক্তি তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকেই এবার তারেক রহমান নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, দলীয় প্রতীক না থাকলেও প্রার্থীদের বিষয়ে দলের সিদ্ধান্ত যেন সামষ্টিক হয় এবং একক প্রার্থীর পক্ষে সবাই একযোগে কাজ করেন।

ইতোমধ্যেই গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। সেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা। বৈঠকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঝুলে থাকা সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে দলে নতুন গতি সঞ্চার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তড়িঘড়ি করে কমিটি গঠন করতে গিয়ে যাতে কোনো বিতর্কিত বা অন্য দলের অনুপ্রবেশকারী স্থান না পায়, তা নিশ্চিত করার পাশাপাশি মাঠপর্যায়ে তুলনামূলক তরুণ, সক্রিয় ও ত্যাগী নেতাদের নেতৃত্বে নিয়ে আসার ওপর জোর দেওয়া হয়েছে।

নেতারা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশগ্রহণ করবে না এবং নির্বাচনে তাদের দলীয় কোনো প্রতীক বা মার্কা থাকবে না। তবে স্থানীয়ভাবে নেতারা যদি একক কোনো প্রার্থী দিতে পারেন, তবে দলগতভাবে তাকেই সমর্থন দেওয়া হবে। নির্বাচনের প্রার্থী তৃণমূল থেকেই নির্বাচন করা হবে এবং কেন্দ্র থেকে কোনো চাপ দেওয়া হবে না।

সংগঠনকে গতিশীল করতে এবং নির্বাচনি বৈতরণী পার হতে এ পুনর্গঠন প্রক্রিয়ার বিকল্প নেই বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকেরা।

এসএইচ 

Link copied!